শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লালমনিরহাট সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

মোহাম্মদ খাইরুল আমিন • 08 এপ্রিল 2026, 12:15 দুপুর • 99 বার পঠিত
লালমনিরহাট সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফের গুলিতে বাংলাদেশি এক নাগরিক নিহতের খবর জানিয়েছে বিজিবি। তবে লাশ নিয়ে গেছে বিএসএফ।

বুধবার ভোররাতে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের পানিয়ার টারি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বিজিবি-৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম।

এ ঘটনার পর সকাল সাড়ে ৬টার দিকে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে কথা হয়েছে বলে জানান তিনি।

নিহত আলী হোসেন (৪৯) ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের প্রয়াত আব্দুল গফুরের ছেলে।

বিজিবি ও স্থানীরা জানায়, মঙ্গলবার রাত ২টা ৫০ মিনিট এবং বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলগুড়ি সীমান্ত পিলারের কাছে ভারতের অভ্যন্তরে দুই দফা গুলির শব্দ শোনা যায়। এতে আলী হোসেন গুলিবিদ্ধ হন।

গুরুতর অবস্থায় বিএসএফ সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নিয়ে ভারতের একটি হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিম।

তিনি বলেন, “ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।”

এর আগে সোমবার সকালে একই উপজেলার ধবলসুতি বিওপির সীমান্তের কাছে গাটিয়ার ভিটা এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হন।

এ ঘটনার জেরে স্থানীয়রা ভারতীয় এক নাগরিককে দুটি গরুসহ আটক করে নিয়ে আসে বলে জানান পাটগ্রাম থানার ওসি নাজমুল হক।

পরে ওই দিন বিকালে বিজিবি ও বিএসএফের মধ্যে এক বৈঠকের পর আটক ভারতীকে ফেরত দেওয়া হয় বলে জানান তিনি।