লাদাখে ভারী অস্ত্রসহ সেনা মোতায়েন
লাদাখের বিভিন্ন এলাকায় ঐকমত্যের ভিত্তিতে ভারত ও চীনের সেনারা পিছু হটছে বলে দেশগুলো সরকারি সূত্রে জানানো হয়। তবে শুক্রবার (১২ জুন) বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত গোটা নিয়ন্ত্রণরেখায় বাড়তি সেনা মোতায়েন করেছে চীন।
জানা গেছে, কেবল লাদাখেই ১০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। সেই সাথে আছে দূরপাল্লার কামান ও ট্যাঙ্ক।
সম্প্রতি উত্তরাখণ্ডের জোহর উপত্যকায় কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ মুন্সিয়ারি-বুগডিয়ার-মিলাম সড়ক তৈরির কাজ দ্রুত শেষ করার জন্য হেলিকপ্টারে ভারী যন্ত্রপাতি পাঠানো হয়েছে। ওই সড়কের মাধ্যমে উত্তরাখণ্ডের ওই এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে থাকা সেনার পোস্টগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো যাবে।
এদিকে কূটনৈতিক ও সামরিক আলোচনার মাধ্যমে লাদাখে চিনের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করছে ভারত। বৃহস্পতিবার (১১ জুন) দুই দেশের সেনার ডিভিশনাল কমান্ডার স্তরে বৈঠক হয়েছে।