ক্যাটাগরি চারে পরিণত হয়ে যুক্তরাষ্ট্রের দিকে এগুচ্ছে হারিকেন লরা
আরো শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি চারে পরিণত হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং লুইজিয়ানার উপকূলে দিকে এগিয়ে যাচ্ছে হারিকেন লরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ২টার দিকে এটি টেক্সাস উপকূলে আঘাত হানবে। এ সময় লরার বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় দেড়শ মাইল। আর লুইজিয়ানায় আঘাত হানতে পারে বৃহস্পতিবার ভোরে।
চতুর্থ ক্যাটাগরির হারিকেন ‘খুবই ভয়াবহ’। হারিকেনের মাত্রা মাপার স্কেলে লরার মাত্রা দ্বিতীয় সর্বোচ্চ। এর প্রভাবে লুইসিয়ানা ও টেক্সাস উপকূলে ২০ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে, প্রবল বাতাস বইতে পারে এবং বন্যা হতে পারে। টর্নেডোতে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে।
বলা হয়েছে, লরার প্রভাবে অবিশ্বাস্য রকম ঝড় হতে পারে। প্রলয়ংকরী ঢেউয়ে টেক্সাসের রিম স্টেট পার্ক সাগর ও লুইসিয়ানায় উপকূলীয় এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। লরার কারণে উপকূলীয় এলাকার ৪০ মাইলের ভেতর পর্যন্ত বন্যার সৃষ্টি হতে পারে। পানির উচ্চতা সাধারণ অবস্থা থেকে ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় উঠতে পারে। এরইমধ্যে টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে পাঁচ লাখ মানুষকে।
এদিকে, যুক্তরাষ্ট্রের দিকে আসার আগে ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালায় হারিকেন লরা। হাইতি ও ডোমেনিকান প্রজাতন্ত্রে মারা গেছে অন্তত ২৫ জন। এছাড়া কিউবায় বিধ্বস্ত হয়েছে সহস্রাধিক ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু।