কয়লা নিয়ে আরো এক জাহাজ হাজির পায়রা বন্দরে
পায়রা বন্দরে কয়লা নিয়ে একের পর এক বিদেশি জাহাজ হাজির হচ্ছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য। মঙ্গলবার সকালে ৩৭ হাজার ১৩৩ টন কয়লা নিয়ে বন্দরে আসে এমভি সাগর কান্তা নামের একটি মাদার ভ্যাসেল। এই জাহাজটি পঞ্চম ধাপের।
পায়রা বন্দরের উপপরিচালক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯.৪৮০ মিটার গভীর ও ১৯৯.৯৮ মিটার দৈর্ঘ্য এবং ৩২.২৬ মিটার প্রস্থের এ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে প্রায় এক সপ্তাহ আগে ছেড়ে আসে। মঙ্গলবার পায়রা বন্দরে এসে পৌঁছায় সকাল ৬টার দিকে। এতে কয়লা রয়েছে ৩৭ হাজার ১৩৩ টন।। এ নিয়ে এ সপ্তাহে ২ টি জাহাজ কয়লা নিয়ে এসেছে।
উল্লেখ্য, কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ। গত রবিবার ৯ জুলাই এমভি সুমিত নামে একটি জাহাজ আসে। এর আগে এমভি জাদোর নামের একটি মাদার ভ্যাসেল ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে আসে। এছাড়া এর আগেও পাভো ব্রেভ ও অ্যাথেনা নামের আরো ৩ টি জাহাজ বন্দরে আসে।