কুয়েতের আমির শেখ সাবাহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন
কুয়েতের বর্তমান আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পরিস্থিতিতে ‘আংশিক শাসক’ হিসেবে দেশটির ক্ষমতার মসনদে বসেছেন ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ। আমির কী অসুস্থতায় ভুগছেন তা জানানো হয়নি।
সরকার প্রধান আমিরের এক সৎভাইয়ের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, “ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ আপাতত আমিরের নির্দিষ্ট কিছু দায়-দায়িত্ব পালন করবেন।” এর আগে এক বিবৃতিতে জানানো হয়, আমিরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তার কিছু ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
২০০৬ সাল থেকে আরব উপসাগরের তেল সমৃদ্ধ কুয়েতের আমিরের দায়িত্বে আছেন ৯১ বছর বয়সী শেখ সাবাহ। এর আগে ২০১৯ সালেও একবার হাসপাতালে ভর্তি হন তিনি। অনেক দিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন আমির শেখ সাবাহ।
ক্রাউন প্রিন্স ৮৩ বছর বয়সী শেখ নাওয়াফ আমির শেখ সাবাহর সৎ ভাই। কুয়েতের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েক দশক ধরে দায়িত্ব পালন করছেন কুয়েত সরকারের জ্যেষ্ঠ এই মুখপাত্র।