কুষ্টিয়ায় পৌর এলাকায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ শুরু
করোনা সংক্রমণের কারণে আজ শনিবার সকাল থেকে কুষ্টিয়া পৌর এলাকায় সাতদিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। এই বিধিনিষেধের কারণে শহরের সকল দোকানপার্ট, ব্যবসাপ্রতিষ্ঠান, শপিং মল, হোটেল রেস্টুরেন্ট ও যানবাহন চলাচল সম্পুর্ণ বন্ধ রয়েছে। তবে কাচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দোকান সমূহ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকছে।
জেলা প্রশাসক সাইদুল ইসলাম এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। জনগণকে বিধিনিষেধ মানাতে জেলা ও পুলিশ প্রশাসন কাজ করছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, গত ঈদের পর থেকে জেলায় প্রতিদিনই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা ভয় পাচ্ছিলাম। এখন এই বিধিনিষেধের পর পরিস্থিতি হয়তো স্বাভাবিক হবে। গত ১ থেকে ১২ জুন পর্যন্ত কুষ্টিয়া জেলায় ৬০০ বেশি করোনা আক্রান্ত হয় এবং ১৭ জন মৃত্যবরণ করে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার জানান, বিধিনিষেধের প্রথম দিনেও করোনা রোগী বেড়েছে। এদিন হাসপাতালে ভর্তি আরো দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এনিয়ে গত ৩৬ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হলো।