শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুষ্টিয়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করল সন্ত্রাসীরা

মোহাম্মদ খাইরুল আমিন • 31 মে 2022, 07:43 বিকাল • 474 বার পঠিত
কুষ্টিয়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করল সন্ত্রাসীরা

কুষ্টিয়ায় এক কলেজ শিক্ষককে কুপিয়ে তার হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার বংশীতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। 

সন্ত্রাসীদের হামলার শিকার শিক্ষকের নাম তোফাজ্জেল হোসেন (৫৮)। তিনি কুমারখালীর বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার হাতে অস্ত্রোপচার চলছিল। 

হাসপাতাল সূত্রে জানা যায়, ডান হাতের কনুইয়ের নিচের অংশ ছাড়াই শিক্ষক তোফাজ্জেল হোসেনকে হাসপাতালে আনা হয়। তার পিঠেও অনেকগুলো জখম।  

তাৎক্ষণিকভাবে তোফাজ্জেল হোসেনের পরিবারের পক্ষ থেকে এই হামলার পেছনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তাদের ধারণা, এর পেছনে বড় কোনো পক্ষের হাত থাকতে পারে। 

পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে কলেজ থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছিলেন তোফাজ্জেল হোসেন। বংশীতলা এলাকার একটি সেতুর ওপর কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা করে। তাকে পেটাতে থাকে। কয়েকজন রামদা দিয়ে কোপাতে থাকে। দায়ের আঘাতে তার ডান হাতের কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

মুমূর্ষু অবস্থায় সন্ত্রাসীরা ফেলে রেখে গেলে স্থানীয়রা তোফাজ্জেল হোসেনকে হাসপাতালে নিয়ে যান। 

পুলিশের ধারণা এটা পূর্বপরিকল্পিত হামলা। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানিয়েছেন, জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।