কুমিল্লায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রেলস্টেশনের অদূরে শাসনগাছা রেলগেট এলাকায় কেরোসিন তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন কিছুক্ষণ বন্ধ থাকলেও বিকল্প লাইনে চলাচল করছে।
লাইনচ্যুত হওয়ায় আলেখারচর বিশ্বরোড থেকে কান্দিরপাড় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। তবে ফ্লাইওভার দিয়ে যান চলাচল করছে।
এদিকে কুমিল্লা জেলা রেলওয়ের প্রকৌশলী বিভাগের প্রধান মোরসালিনুল রহমান বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কেরোসিন তেলবাহী একটি ট্রেন ঢাকায় যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা রেলস্টেশন এলাকায় ট্রেনের নবম বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে কী কারণে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাটি স্টেশন এলাকায় হওয়ায় অন্য লাইনে ট্রেন চলাচলে ব্যবস্থা করা হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যে লাইনচ্যুত হওয়া ট্রেনটিরও উদ্ধার কাজ শেষ হবে।