শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুলাউড়ায় `জঙ্গি আস্তানা`য় অভিযান চালিয়ে ১০ জনকে আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 12 আগস্ট 2023, 04:01 দুপুর • 320 বার পঠিত
কুলাউড়ায় `জঙ্গি আস্তানা`য় অভিযান চালিয়ে ১০ জনকে আটক

'অপারেশন হিলসাইট' নামের অপারেশনে জঙ্গি আস্তানা সন্দেহে এক বাড়িতে অভিযান চালানো হয়। মৌলভিবাজারের কুলাউড়ার কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালি নামক এলাকার একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। আজ শনিবার সকালে সেখানে অভিযান চালিয়ে নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে আছে আরো তিন শিশু। 

অভিযান শেষে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান জানান, এই অপারেশনটির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইট ’।

তার কাছ থেকে জানা যায়, অভিযান চলেছে প্রায় সাড়ে চার ঘণ্টা। এই অভিযানে ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন একটি সংগঠনের প্রধানসহ ১০ জঙ্গিকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী। আর ৩ জন শিশু। 

আসাদুজ্জামান আরো জানান, এই অভিযানে তিন কেজি বিস্ফোরক, ৫০টি হাই এক্সক্লোসিভ ডেটোনেটর, নগদ ৩ লাখ ৬১ হাজার টাকা ও জঙ্গি প্রশিক্ষণ সামগ্রী ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে। 

যাদের আটক করা হয়েছে তারা হলেন, সাতক্ষীরা সদরের দক্ষিণ নলতা গ্রামের শরীফুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের ইটনার কানলা এলাকার হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুর গ্রামের খায়রুল ইসলাম (২২), সিরাজগঞ্জের কাজীপুর থানার মাইজবাড়ী গ্রামের রাফিউল ইসলাম (২২), পাবনার আটঘরিয়া থানার শ্রীপুর গ্রামের শাপলা বেগম (২২), নাটোর সদরের চাঁদপুর গ্রামের মাইশা ইসলাম (২০), বগুড়ার শরিয়াকান্দি থানার নিজবলাই গ্রামের মোছা. সানজিদা খাতুন (১৮), সাতক্ষীরার তালা থানার দক্ষিণ নলতা গ্রামের আমিনা বেগম (৪০) এবং তার মেয়ে মোছা. হাবিবা বিনতে শফিকুল (২০)।

এছাড়া আটক করা হয়েছে ১৭ বছর বয়সী এক কিশোরীকে। তাদের সঙ্গে থাকা শিশুদের বয়স ১২ মাস, ১৮ মাস ও ছয় বছর।

জানা যায়, শুক্রবার রাত ৮টার পর থেকে এলাকার একটি টিলার উপর নতুন স্থাপিত বাড়িটি ঘিরে রাখা হয়েছিল। এ অভিযান পরিচালনা করতে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল আসে। তাদের সাহায্য করতে মৌলভীবাজার জেলা ও কুলাউড়া থানা পুলিশও ঘটনাস্থলে ছিল।