শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ক্ষমতা পাকাপোক্ত করতেই ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 28 ফেব্রুয়ারি 2025, 03:14 দুপুর • 266 বার পঠিত
ক্ষমতা পাকাপোক্ত করতেই ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ড

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী সরকার ক্ষমতা পাকাপোক্ত করতেই ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটায়।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এফডিসিতে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপগুলো বলে শাপলা চত্বরের ঘটনায় ৬০-৬১ জন মারা গেছে। আর হেফাজত বলে এখানে কয়েক হাজার মানুষ মারা গেছে। কোনটা সত্য এটা জানার জন্য আমার মনে হয় হেফাজতের এখানে একটা রোল আছে। হেফাজতের উচিত, নিজে রিসার্চ করে বলা, কত জন মারা গেছে, কারা কারা মারা গেছে।’

তিনি আরও বলেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মাওলানা সাঈদীর ফাঁসির রায়ের সময় দেশজুড়ে সহিংসতায় ১৩০-১৩২ জন নিহত হয়েছিলেন বলে তিনি দাবি করেন। এছাড়া, ডিসেম্বর মাসে বিএনপি সমর্থক অন্তত ১৮-২৪ জন গুম হন, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।

শফিকুল আলম বলেন, ২০১৩ সালটি বাংলাদেশের জন্য ভয়াবহ ছিল, যার চূড়ান্ত পরিণতি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন। তিনি জানান, শেখ হাসিনার আমলে হওয়া গুম-হত্যার বিচার করতে অন্তর্বর্তী সরকার ইচ্ছুক এবং এসব ঘটনার তদন্ত চলছে। সরকার জুলাই হত্যাকাণ্ডকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং তদন্তের জন্য সবাইকে ধৈর্য ধরতে বলেন।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘ক্ষমতা হারানোর ভয়েই আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে’ শীর্ষক ছায়া সংসদে অংশগ্রহণ করে তা’ মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ও তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।