শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

‘ক্ষমা চাইলে হবে না, ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্রকে’

অনলাইন নিউজ পোর্টাল • 19 সেপ্টেম্বর 2021, 05:51 বিকাল • 480 বার পঠিত
‘ক্ষমা চাইলে হবে না, ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্রকে’

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলায় সাত শিশুসহ ১০ বেসামরিক নগরিক নিহতের কথা স্বীকার করে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে নিহতদের স্বজন ও আহতরা বলছেন, এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে শুধু ‘দুঃখ প্রকাশ’ বা ‘ক্ষমা চাইলেই’ হবে না, ক্ষতিপূরণ দিতে হবে।

গত ২৯ আগস্ট ওই ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় আইম্যাল আমাদি তার তিন বছরের কন্যা শিশুকে হারান। শনিবার (১৮ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমকে বলেন, এই হামলা কারা চালিয়েছে তা ওয়াশিংটনের তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনা উচিত। আমি পরিবারের ১০ সদস্যকে হারিয়েছি। যুক্তরাষ্ট্র ও অন্যান্য সংস্থার কাছে ন্যায় বিচার চাই। আমরা নিরীহ, আমাদের তো কোনো ভুল ছিল না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার অনুসন্ধান চালায় এবং তারা জানায়, ওই হামলায় নিহতরা কেউ আইএস জঙ্গি ছিল না।

এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ডের তদন্তে জানা যায়, ড্রোন হামলা চালানো সেই গাড়িটি আসলে এক ত্রাণ সহায়তা কর্মীর ছিল। সেই হামলায় ওই ত্রাণ সহায়তা কর্মীসহ তার পরিবারের ৯ সদস্য নিহত হন। এর মধ্যে ৭ শিশু ছিল।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ওই গাড়িকে শনাক্ত করে ড্রোন হামলা চালানোর আট ঘণ্টা আগে। তারা ধারণা করেছিল, ব্যক্তিগত গাড়িটি জঙ্গি গোষ্ঠী আইএস–কের কোনো আত্মঘাতী হামলাকারীর।