শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে সামরিক উপস্থিতি বজায় রাখার ঘোষণা দিয়েছে ন্যাটো

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুলাই 2021, 06:44 বিকাল • 241 বার পঠিত
কৃষ্ণসাগরে সামরিক উপস্থিতি বজায় রাখার ঘোষণা দিয়েছে ন্যাটো

রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও কৃষ্ণসাগরে সামরিক উপস্থিতি বজায় রাখার ঘোষণা দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। মধ্য এশিয়া ও দক্ষিণ ককেশাস বিষয়ক ন্যাটোর বিশেষ প্রতিনিধি জেমস অ্যাপাথুরাই এ ঘোষণা দিয়েছেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার- ডিফেন্ডারের সঙ্গে রাশিয়া কী আচরণ করেছে তা ন্যাটোকে জানিয়েছে লন্ডন। এখন এই সামরিক জোটের সামনে ওই ঘটনা সম্পর্কে একটি ‘স্পষ্ট চিত্র’ রয়েছে বলেও জানান তিনি।

ন্যাটোর এই বিশেষ প্রতিনিধি বলেন, কৃষ্ণসাগরে নিজের উপস্থিতি বজায় রাখতে ন্যাটো বদ্ধপরিকর এবং এই জোট ক্রিমিয়া উপত্যকাকে ইউক্রেনের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। এটি যে রাশিয়ার নয় সে ব্যাপারে ন্যাটো শক্ত অবস্থান নিয়েছে। রাশিয়াকে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে হবে।

অ্যাপাথুরাই বলেন, নিজের মিত্র ও শরিকদের সমর্থন দেয়ার জন্য কৃষ্ণসাগরে উপস্থিতি বজায় রাখবে ন্যাটো। তিনি বলেন, আমরা রাজনৈতিক পরামর্শ ও তথ্য বিনিময়ের ক্ষেত্রে ইউক্রেন ও জর্জিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখব।