শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কৃষ্ণ সাগরে ডুবেই গেল রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভা

মোহাম্মদ খাইরুল আমিন • 15 এপ্রিল 2022, 10:37 দুপুর • 686 বার পঠিত
কৃষ্ণ সাগরে ডুবেই গেল রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভা

অবশেষে কৃষ্ণ সাগরে ডুবেই গেল রাশিয়ার অহংকারের যুদ্ধজহাজ মস্কভা। কোনো এক কারণে বিস্ফোরণ ঘটায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটিরই ডুবে যাওয়ার কথা জানাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার সমর সক্ষমতার প্রতিক হিসেবে ধরা হতো মিসাইল ক্রুজার মস্কভাকে। এই যুদ্ধজাহাজটি কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনে নানা হামলা করার ক্ষেত্রে ভূমিকা রেখে আসছিল। আর যুদ্ধজাহাজটির আছে বলার মতো এক অতীত ইতিহাস। 

বুধবার এক বিস্ফোরণে জাহাজটি ক্ষতির মুখে পড়ে। এর ৫১০ জন ক্রুকে অবশ্য নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার জাহাজটিকে বন্দরের দিকে নিয়ে আসার চেষ্টা চলছিল।

কিন্তু উত্তাল সমুদ্রের সঙ্গে পেরে ওঠা যায়নি। জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিক্ষুব্ধ সাগরে ডুবে গেছে যুদ্ধজাহাজটি।

আসলে কিভাবে মস্কভায় বিস্ফোরণ ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা মেটেনি এখনো। ইউক্রেনের দাবি, তাদের ছোড়া ক্ষেপনাস্ত্রের আঘাতে ক্ষতির মুখে পড়েছে মস্কভা নামের যুদ্ধাজাহাজটি। তারা বলে, ইউক্রেইন নির্মিত জাহাজ-বিধ্বংসী নেপচুন ক্ষেপণাস্ত্র ছোড়ার পর রুশ যুদ্ধজাহাজটি ক্ষতির মুখে পড়ে। 

কিন্তু রাশিয়া সেটা স্বীকার করেনি। তাদের দাবি, জাহাজে থাকা গোলাবারুদে আগুন লেগে যাওয়ায় বিস্ফোরণ ঘটেছিল। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় আগুন নিভিয়ে ফেলার কথা বলেছিল। কিন্তু বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যমে মস্কভার ডুবে যাওয়ার খবর আসে। 

মস্কভা নামের এই যুদ্ধজাহাজ ১৯৮৩ সালে তখনকার সোভিয়েত ইউনিয়নের নৌবাহিনীতে যুক্ত হয়। এই জাহাজ ১৬টি জাহাজ বিধ্বংসী ভালকান ক্ষেপনাস্ত্র বহন করতে পারত। এইসব ক্ষেপনাস্ত্রের পাল্লা হতো ৭০০ কিলোমিটার।