শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনায় নতুন শনাক্ত ৩০, ১৯ দিন মৃত্যুহীন

মোহাম্মদ খাইরুল আমিন • 09 মে 2022, 04:47 দুপুর • 837 বার পঠিত
করোনায় নতুন শনাক্ত ৩০, ১৯ দিন মৃত্যুহীন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১৯ দিন করোনায় মৃত্যুহীন আছে বাংলাদেশ। আগের দিনের তুলনায় গত একদিনে অবশ্য শনাক্ত কিছুটা বেড়েছে। এই সময়ে সারাদেশে ৩০ জন নতুন করোনা রোগী পাওয়া গেছে। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৪৫৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৪১৩টি। এর মধ্যে ৩০ জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। 

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৪০ শতাংশ। সব মিলে এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ২০ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৮২৯ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ শতাংশ। 

গত ১৯ দিনে কারো মৃত্যু না হওয়ায় করোনায় দেশে মৃতের সংখ্যা আগের মতো ২৯ হাজার ১২৭ জন আছে। গত ২০ এপ্রিল শেষ দেশে কোভিড-১৯ এ কারো মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। 

গত একদিনে আরো ২৭২ জন  সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হলেন ১৮ লাখ ৯৭ হাজার ৭৯৮ জন।