শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনায় এক দিনে ১২ মৃত্যু, চার মাসে সর্বোচ্চ

মোহাম্মদ খাইরুল আমিন • 04 জুলাই 2022, 06:21 বিকাল • 263 বার পঠিত
করোনায় এক দিনে ১২ মৃত্যু, চার মাসে সর্বোচ্চ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ১২ জন মারা গেছে। গত চার মাসের মধ্যে এটা এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই সময়ে ২ হাজার ২৮৫ জনের শরীরে করোনা ধরা পড়েছে। তাতে করে দৈনিক শনাক্তের হার ১৬ শতাংশ ছাড়িয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত সারাদেশে ১৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২ হাজার ২৮৫ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন সংক্রমিত হয়েছিল ১ হাজার ৯০২ জন।

আজকের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ১৬ দশমিক ৫১ শতাংশ হয়েছে। গত ১০ ফেব্রুয়ারির পর শনাক্তের এই হার সর্বোচ্চ। সেদিন ছিল ১৭ দশমিক ০৬ শতাংশ। 

গেল ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ মারা যাওয়া ১২ জনের ৮ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম ও যাশোরে একজন করে কোভিড রোগী মারা গেছেন। 

গত ৫ মার্চ একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ১৩ জন। সেই দিনের পর এত বেশি রোগী একদিনে মারা গেলেন গত ২৪ ঘণ্টায়। 

বাংলাদেশে করোনা বেশ কমে গিয়েছিল। গত মে মাসের প্রথম সপ্তাহে একদিনে শনাক্তের সংখ্যা ছিল ৪ জন। এভাবে রোজ ৫০ এর নিচে থাকতো নতুন রোগীর সংখ্যা। টানা একমাস প্রথম দফায় কোনো মৃত্যু ছিল না কোভিঢ-১৯ এ। এরপর আবার টানা ২০ দিন ছিল মৃত্যুহীন। 

কিন্তু ১১ সপ্তাহ পর প্রথমে গত ১২ জুন রোজকার রোগী ১০০ ছাড়ায়। এরপর এর ১৫ দিনের মাথায় গতকাল সোমবার তা ২ হাজার ছাড়িয়ে যায়। এবং এখন রোজ ২/৩ জন করে মারা যাওয়ার খবরও আসছে। এবার তো একদিনে ১২ জনের মৃত্যুর খবর এল সোমবার।

বিশেষজ্ঞরা মনে করছেন, এর মাধ্যমে বাংলাদেশ করোনা মহামারীর চতুর্থ ঢেউয়ে ঢুকেছে। 

দেশে সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় সরকার মাস্ক পরার বাধ্যবাধকতা ফের জারি করেছে। স্বাস্থ্যবীধি ও সামাজিক দুরত্ব মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে। মসজিদে জামাতে নামাজ আদায় করার ক্ষেত্রেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। 

নতুন করে শনাক্ত রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন হয়েছে এখন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ১৭৪ জন হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন কোভিড রোগী সেরে উঠেছেন। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন।

নতুন শনাক্তদের মধ্যে ১ হাজার ৫৭৭ জনই ঢাকা জেলার। গত একদিনে দেশের ৫৮টি জেলায় নতুন রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের নয়জন নারী আর তিনজন পুরুষ। 

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৮১৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।