শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ কোটি

অনলাইন নিউজ পোর্টাল • 26 জুন 2020, 12:47 দুপুর • 804 বার পঠিত
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ কোটি

মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এরইমধ্যে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে বলে আশঙ্কা করছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের যে সংখ্যা আমরা যা জানতে পারছি, প্রকৃত আক্রান্তের সংখ্যা তার চেয়ে অন্তত ১০ গুণ বেশি হতে পারে। এমন অনেকেই আছেন যারা আক্রান্ত হয়েছেন কিন্তু পরীক্ষার অভাবে জানেন না কিংবা উপসর্গ না থাকায় বুঝতে পারছেন না। 

সম্প্রতি সিডিসি দেশব্যাপী ব্লাড স্যাম্পল সংগ্রহ করতে শুরু করেছে। সেটার ভিত্তিতে দেখা যাচ্ছে মহামারির শুরুতে অনেকে বুঝতেই পারেননি যে তারা করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির মোট আক্রান্তের ২৫ শতাংশ জানেনই না যে তারা করোনা আক্রান্ত হয়েছেন। কারণ, তাদের মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পায়নি।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পূর্বাভাস দিয়েছেন, আগামী অক্টোবর নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ১ লাখ ৮০ হাজার ছাড়িয়ে যাবে। আর যদি দেশের ৯৫ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করে, তবে মৃত্যু কিছুটা কম হবে। সেক্ষেত্রে প্রাণহানি ১ লাখ ৪৬ হাজারে পৌঁছতে পারে। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৫ লাখ ৪ হাজার ৬৭৬ জন আক্রান্ত এবং ১ লাখ ২৬ হাজার ৭৮৫ জন মারা গেছেন।