করোনাভাইরাস স্থিতিশীল পরিস্থিতি ধরে রাখতে সাফল্যের দাবি কিমের
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস স্থিতিশীল পরিস্থিতি ধরে রাখতে নিজের দেশের ‘উজ্জল সাফল্য’ দাবি করে তার প্রশংসা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির এক রাজনৈতিক বৈঠক শেষে কিম এসব কথা বলেন।
বিশ্বে করোনাভাইরাস যখন ব্যাপক হারে ছড়িয়ে পড়ছিলো, তখনই উত্তর কোরিয়া সীমান্ত বন্ধ করে দেয় এবং হাজার হাজার লোককে আইসোলেশনে থাকতে বাধ্য করে।
উত্তর কোরিয়ায় এখনো কোনো করোনা রোগী শনাক্তের খবর পাওয়া যায়নি। জানুয়ারির শেষ দিকে উত্তর কোরিয়া দ্রুত ভাইরাসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। সীমান্ত বন্ধ করার পাশাপাশি বিদেশিদের রাজধানী পিয়ংইয়ংয়ে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
এছাড়া দেশের নাগরিকদের আইসোলেশনে রাখার পাশাপাশি স্কুলও বন্ধ করে দেয়া হয়। বর্তমানে স্কুল খুললেও জনসমাবেশ নিষিদ্ধ। তবে কড়াকড়ি আইন আরোপ করায় খাদ্যের অভাবে ভুগছেন উত্তর কোরিয়ায় ৪০ শতাংশ মানুষ।