শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনার ভ্যাকসিন আবিস্কারে বাংলাদেশের অবস্থান

অনলাইন নিউজ পোর্টাল • 02 অক্টোবর 2020, 11:33 রাত • 262 বার পঠিত
করোনার ভ্যাকসিন আবিস্কারে বাংলাদেশের অবস্থান

করোনার সম্ভাব্য ভ্যাকসিনের রোগ প্রতিরোধ সক্ষমতা মূল্যায়ন ও তুলনার জন্য বৈশ্বিক নেটওয়ার্ক ‘কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস’ (সিইপিআই) কর্তৃক নির্বাচিত পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি)।

শুক্রবার আইসিডিডিআর-বি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আবিষ্কৃত করোনার সম্ভাব্য ভ্যাকসিনগুলোর নির্ভরযোগ্যতা যাচাই এবং রোগপ্রতিরোধ ক্ষমতার মধ্যে তুলনামূলক বিচার বিশ্লেষণের জন্য কেন্দ্রীয়ভাবে যে ল্যাবরেটরি নেটওয়ার্ক গঠন করা হয়েছে, সেখানে যুক্ত হয়েছে আইসিডিডিআর-বি। এই নেটওয়ার্কের পাঁচটি ল্যাবরেটরির মধ্যে আইসিডিডিআর-বি একটি।

আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক অধ্যাপক জন ডি ক্লেমেনস এ প্রসঙ্গে বলেন, কোভিড-১৯ এর সম্ভাব্য ভ্যাকসিনগুলোর রোগ প্রতিরোধ সক্ষমতা এমন এক পদ্ধতিতে মূল্যায়ন করা হয়; যার মাধ্যমে দেখা হবে যে, সর্বজনীন জনস্বাস্থের জন্য কোনো ভ্যাকসিনের প্রয়োজনীয়তা বা কার্যকারিতা হবে সবচেয়ে বেশি।

তিনি আরো বলেন, আমরা কেন্দ্রীয়ভাবে পরীক্ষাগার নেটওয়ার্ক স্থাপনের জন্য সিইপিআইয়ের এমন প্রচেষ্টার প্রশংসা জানাচ্ছি, এবং ভ্যাকসিনগুলো মূল্যায়নের ক্ষেত্রে কয়েক দশকের অভিজ্ঞতা সম্পন্ন একটি সংস্থা হিসেবে আমরা বৈশ্বিক এই নেটওয়ার্কে অবদান রাখতে আগ্রহী।

সিইপিআই হলো নরওয়েভিত্তিক একটি দাতব্য সংস্থা। ২০১৬ সালের আগস্টে সুইজারল্যান্ডের ডাভোসে এটি প্রতিষ্ঠিত হয়। গুরুতর সংক্রামক রোগের ভ্যাকসিন তৈরির উদ্যোগে তারা সহায়তা দিয়ে থাকে। এ সংস্থার প্রতিষ্ঠাতারা হলো দ্য ওয়েলকাম ট্রাস্ট, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ভারত ও নরওয়ে।