করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য ভারতকে দায়ী করছে নেপালে
নেপালে দ্রুত হারে করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য ভারতকেই দায়ী করছে দেশটি। যার কারণে এবার ভারতীয়দের প্রবেশে নতুন শর্ত আরোপ করলো কাঠমান্ডু। শুক্রবার নেপালের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয়রা নেপালে প্রবেশ করতে চাইলে এখন থেকে ‘পরিচয়পত্র’ দেখাতে হবে।
সাম্প্রতিক সময়ে সীমান্তসহ বিভিন্ন ইস্যুতে নেপাল-ভারত টানাপোড়েন চলছে। এ পদক্ষেপের ফলে দুই দেশের সম্পর্ক নতুন দিকে মোড় নিবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। যদিও এটি করোনা নিয়ন্ত্রণের জন্যই নেয়া।
নতুন এ পদক্ষেপ নিয়ে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই এই ব্যবস্থা করা হয়েছে। পরিচয়পত্র দেখালে তা নেপালের সরকারি খাতায় নথিভুক্ত থাকবে। প্রয়োজনে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে বা রেকর্ড হিসেবে রাখা যেতে পারে।
নেপালে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির জন্য কিছুদিন আগে ভারতের দিকেই অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি বলেছিলেন, ভারতীয়রাই নেপালে ঢুকে করোনাভাইরাস ছড়াচ্ছে।