করোনার মধ্যেই ভারতে কুম্ভমেলায় ৯১ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে
ভারতে মহামারি করোনার মধ্যেই হরিদ্বারে কুম্ভমেলায় ৯১ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৯১ লাখ মানুষ হরিদ্বারে কুম্ভমেলায় গিয়ে গঙ্গায় স্নান করেছেন। তার মধ্যে এপ্রিল মাসে গেছেন ৬০ লাখ মানুষ। ১২ এপ্রিল ৩৫ লাখ মানুষ গঙ্গায় স্নান করেছেন। বুধবার হরিদ্বারে কুম্ভ শেষ হয়েছে। সেদিনও ২৫ হাজার মানুষ শেষ শাহি স্নান করেছেন। হর কি পৌরির ঘাটে ১৩টি আখড়ার দুই হাজার সাধুর স্নানের জন্য আলাদা করে রাখা হয়েছিল। কুম্ভ শেষ হওয়ার পর হরিদ্বারে কারফিউ জারি করা হয়েছে।
করোনার এই তাণ্ডবের মধ্যে কেন কুম্ভমেলার অনুমতি দেয়া হলো, কী করে এত মানুষকে আসতে দেয়া হলো, আর মানুষই বা এই পরিস্থিতির মধ্যে সব বিপদ ভুলে কী করে হরিদ্বারে ছুটলেন, তার কোনো ব্যাখ্যা নেই। রাজ্য সরকার আগে জানিয়েছিল, তারা সব ধরনের সাবধানতা নিয়েছে। করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এত মানুষের ক্ষেত্রে তা করা সম্ভব নয় বলে নেট মাধ্যমে প্রশ্ন উঠেছে।