শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনার মধ্যে ডেঙ্গুর তাণ্ডব

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুলাই 2021, 05:24 বিকাল • 746 বার পঠিত
করোনার মধ্যে ডেঙ্গুর তাণ্ডব

দেশে করোনার মধ্যে তাণ্ডব শুরু করেছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ২৯ জনের শরীরে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার ২৮ জন এবং ঢাকার বাইরের একজন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে রয়েছেন ১২৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে রয়েছেন তিনজন।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪৩৪ জন।

স্বাস্থ্য অধিদফতর বলছে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। 

তবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাঈদা নাসরীন বাবলী বুধবার (৭ জুলাই) ভোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে তার স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

গত ২৪ জুন ডেঙ্গুতে আক্রান্ত হলে পরদিনই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ভর্তি করা হয়। ভর্তির পরই সরাসরি বাবলীকে আইসিইউতে নেওয়া হয়। সেই থেকে প্রায় ১৬ দিন ধরে তিনি আইসিইউতেই চিকিৎসাধীন ছিলেন। মাঝে তার অবস্থা কিছুটা উন্নতিও হয়। কিন্তু গত দুদিন ধরেই তার অবস্থার আরো অবনতি হতে থাকে। চিকিৎসকরা মৃত্যুর আগ পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে রাখেন।