করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত বিশ্বের ১০০ দেশে ছড়িয়েছে
করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত প্রায় একশ’ দেশে থাবা বসিয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আগামী মাসগুলোতে ভাইরাসটি বিশ্বজুড়েই সংক্রমণ ছড়াতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
সাপ্তাহিক প্রতিবেদনে ডব্লিউএইচও জানিয়েছে, গত ২৯ জুন পর্যন্ত বিশ্বের ৯৬টি দেশে ডেল্টা ধরনে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। তবে নতুন ধরন শনাক্তে সিকোয়েন্সিং ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে হয়তো অনেক দেশে ছড়ালেও তা জানা যায়নি।
করোনার নতুন এই ধরনটি যেসব দেশে শনাক্ত হয়েছে সেসব দেশে ভাইরাসটির সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে জানিয়ে সংস্থাটি আরো বলেছে, এতে করে এসব দেশে করোনায় আক্রান্ত-মৃত্যুর সঙ্গে বেড়েছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা।
ডেল্টা ধরনের অতিমাত্রায় সংক্রমিত করার সক্ষমতার বিষয়টির কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, ধারণা করা হচ্ছে এই ধরন তার বৈশিষ্ট্যের কারণে অন্য ধরনগুলোকে ছাড়িয়ে যাবে এবং আগামী মাসগুলোয় আধিপত্য বিস্তার করবে বিশ্বে।
সংস্থাটি জানিয়েছে, ব্যক্তি ও কমিউনিটি স্তরের জনস্বাস্থ্য ও সামাজিক পদক্ষেপ, সংক্রমণ রোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের যে উপায়গুলো আজ বিদ্যমান তা ডেল্টা ভ্যারিয়েন্টসহ করোনার উদ্বেগজনক ধরনগুলোর (ভিওসি) বিরুদ্ধেও কার্যকর।
সংস্থাটি আরো বলেছে, ভিওসির অতিসংক্রামক পরিস্থিতির অর্থ বিদ্যমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিশেষ করে স্বল্পাহারে টিকা দিয়ে এর প্রকোপ ঠেকাতে হলে অনেক সময় লাগবে। এক্ষেত্রে এসব পদক্ষেপ আমাদের আরও জোরদার করতে হবে।