করোনার ডেল্টা ধরন ৪০ শতাংশের বেশি সংক্রামক: যুক্তরাজ্য
যুক্তরাজ্যে করোনার সর্বশেষ ঢেউয়ে দ্রুত সংক্রমণ ছড়ানো আলফা ভ্যারিয়েন্টের তুলনায় করোনাভাইরাসের ভারতীয় ধরন ‘ডেল্টা’ ৪০ শতাংশের বেশি সংক্রামক বলে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যারা এরইমধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিনের দু’টি ডোজই নিয়েছেন; তাদের এসব ধরনেও সমানভাবে সুরক্ষা পাওয়া উচিত।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমার কাছে সর্বশেষ যে তথ্য আছে, সেটি হলো করোনাভাইরাসের ডেল্টা ধরন ৪০ শতাংশের বেশি সংক্রামক। ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ বলছে, যুক্তরাজ্যে বর্তমানে করোনাভাইরাসের ডেল্টা ধরনের আধিপত্য চলছে।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে আলফা ভ্যারিয়েন্টের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে লকডাউন জারি করা হয়। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার এই ধরনকে কেন্ট ভ্যারিয়েন্ট নামেও পরিচিত।
হ্যানকক বলেছেন, সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা পরিষদ এসএজিইর কাছ থেকে তিনি ডেল্টা ধরন ৪০ শতাংশের বেশি সংক্রামক বলে তথ্য পেয়েছেন।
ব্রিটেনে আগামী ২১ জুনের মধ্যে করোনাভাইরাসের সব বিধি-নিষেধ প্রত্যাহারের করে নেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কিন্তু করোনার ভারতীয় অতি-সংক্রামক ধরন ডেল্টার আধিপত্য বৃদ্ধি পাওয়ায় ব্রিটেনে সেই বিধি-নিষেধ প্রত্যাহার করে নেয়া হবে কিনা তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।