শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনার বুস্টার ডোজ সপ্তাহ শুরু

মোহাম্মদ খাইরুল আমিন • 04 জুন 2022, 10:37 দুপুর • 240 বার পঠিত
করোনার বুস্টার ডোজ সপ্তাহ শুরু

দেশে বুস্টার ডোজ সপ্তাহ আজ শনিবার শুরু হলো। করোনাভাইরাসের বুস্টার টিকা দেওয়ার বিশেষ এই কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আজ শুরু হয়ে এই কার্যক্রম চলবে ১০ জুন শুক্রবার পর্যন্ত। এই এক সপ্তাহে করোনার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেশের এক কোটি মানুষকে দেওয়ার লক্ষ্য ঠিক করেছে স্বাস্থ্য বিভাগ। 

আজ সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হয়েছে। কেন্দ্রে যতক্ষণ টিকা নেওয়ার মানুষ থাকবে ততক্ষণ টিকা দেওয়া হবে। টিকাদান কেন্দ্রে কম্পিউটার থেকে ডাউনলোড করা দ্বিতীয় ডোজ দেওয়ার কাগজ নিয়ে গেলেই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। করোনার এই টিকা কার্ড না দেখাতে পারলে বুস্টার দেওয়া হবে না। 

করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হয়েছে কেবল এমন ব্যক্তিদের এই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ১৮ বছরের বেশি যাদের বয়স তারা এই টিকা পাচ্ছেন ও পাবেন। 

এই কার্যক্রমে বয়স্ক, নারী, অন্তঃসত্ত্বা ও প্রতিবন্ধীরা অগ্রাধিকার পাচ্ছেন। দেওয়া হচ্ছে ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকা টিকা।  

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, সারা দেশ নির্ধারিত টিকা কেন্দ্রের পাশাপাশি ইউনিয়ন পরিষদের কেন্দ্রগুলোতেও টিকা দেওয়া হচ্ছে। তবে ইউনিয়ন পর্যায়ে দুদিন বুস্টার ডোজ দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের শেষ পরিসংখ্যান অুনযায়ী দেশের ১ কোটি ৫৫ লাখ ৬১ হাজার মানুষ এর মধ্যে করোনার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ পেয়েছেন। দেশের ৯ শতাংশ মানুষ এই সংখ্যা। আর আজ থেকে শুরু বুস্টার সপ্তাহে আরো এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া সম্ভব হবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ। 

প্রতিবেশী ভারতসহ অনেক দেশের চেয়ে বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বেশ এগিয়ে আছে বলে জানানো হয়েছে।