শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনা শেষ হতে দুই বছর লাগতে পারে: ডাব্লিউএইচও`র মহাসচিব

অনলাইন নিউজ পোর্টাল • 22 আগস্ট 2020, 12:31 দুপুর • 221 বার পঠিত
করোনা শেষ হতে দুই বছর লাগতে পারে: ডাব্লিউএইচও`র মহাসচিব

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস শেষ হতে দুই বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব তেদ্রোস আধানম গেব্রিয়েসাস। ২১ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে করোনা পরিস্থিতি নিয়ে এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তেদ্রোস আধানম গেব্রিয়েসাস বলেছেন, ১৯১৮ সালে বৈশ্বিক মহামারি স্প্যানিশ ফ্লু কাটিয়ে উঠতে প্রায় দুই বছর সময় লেগেছিল। করোনা মহামারি শেষ হতেও দুই বছর লাগতে পারে। এর মধ্যেই কমবে করোনা সংক্রমণ। প্রযুক্তির এ যুগে খুব অল্পসময়ে ভাইরাসটি সংক্রমণ কমানো সম্ভব হতে পারে। তবে ভাইরাসটি আরও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারি স্প্যানিশ ফ্লুতে ১৯১৮ সালে বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ আক্রান্ত হয়েছিলেন। যা ছিল ওই সময় বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ। মারা গিয়েছিলো প্রায় ৫ কোটি মানুষ। যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেরই ৬ লাখ ৭৫ হাজার মানুষ।  

অন্যদিকে, করোনা ভাইরাসে এখন পর্যন্ত প্রায় আট লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২২ দশমিক ৭ মিলিয়ন মানুষ।