করোনা রোগীদের খুঁজে পাচ্ছে না ভারতের তেলঙ্গানা প্রশাসন
গত ১০ দিনে তেলেঙ্গানায় কোভিড রিপোর্ট পজিটিভ আসা ২ হাজারের বেশি মানুষকে খুঁজে পাচ্ছে না তেলঙ্গানা প্রশাসন। তেলঙ্গানা স্বাস্থ্যদফতরের তরফে বৃহস্পতিবার এই ঘটনার কথা জানানো হয়েছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য ওই কোভিড রোগীদের অনুরোধ জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।
দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারি হাসপাতাল ও অন্যান্য পরীক্ষা কেন্দ্রে গত ১০ দিন ধরে চলা র্যাপিড টেস্টে দু’হাজারেরও বেশি জনের পজিটিভ ফল আসে। ওই সব রোগীরা টেস্টের সময় ভুল ফোন নম্বর দিয়েছিলেন। অনেকে তাদের বাড়ির ঠিকানাও ভুল দিয়েছিলেন। এখন স্বাভাবিকভাবেই তাদের খোঁজ মিলছে না।
মূলত সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ভয় থেকেই রিপোর্টে মিথ্যা তথ্য দিয়েছিলেন এসব রোগীরা। এমনটাই ধারণা কর্তৃপক্ষের।টেস্টের পর ওই ব্যক্তিদের আইসোলেশন কিট দিয়ে বাড়িতে থাকতে বলা হয়েছিল। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তেলঙ্গানা প্রশাসন।
ওই ব্যক্তিদের দেওয়া বহু ফোন নম্বর বন্ধ ও কিছু নম্বর ভুল। খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে ১০ জন ব্যক্তি একই নম্বর দিয়েছে। সেই ফোন নম্বরও বন্ধ। আধার কার্ড থেকে ঠিকানা বের করে কারও বাড়ি পৌঁছে আইসোলেশন কিট দিলেও তাঁরা আইসোলেশনে থাকতে চাইছেন না।