শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনা বিপর্যয়ে ভারতের পাশে পাকিস্তান

অনলাইন নিউজ পোর্টাল • 25 এপ্রিল 2021, 02:38 দুপুর • 549 বার পঠিত
করোনা বিপর্যয়ে ভারতের পাশে পাকিস্তান

ভারতে গত কয়েকদিনে একের পর এক রেকর্ড ভেঙে করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে। অক্সিজেন না পেয়ে ইতোমধ্যেই মারা গেছেন অনেকে। দেশটির বহু হাসপাতালে অক্সিজেনের সংকট শুরু হয়েছে। করোনা পরিস্থিতির ভয়াবহতা গড়িয়েছে দেশটির হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত। টুইটারে ট্রেন্ডিং হয়ে গেছে হ্যাশট্যাগ 'IndiaNeedsOxygen'। 

মেডিক্যাল অক্সিজেন সহায়তা পেতে আকুতি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সংবাদ সম্মেলনে বলেছেন, দয়া করে অক্সিজেন পেতে আমাদের সহায়তা করুন।

এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াতে চায় পাকিস্তানের জনগণ।দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে ভারতের জনগণের পাশে থাকার অংশ হিসেবে ভারতকে ভেন্টিলেটর, বাইপ্যাপ, ডিজিটাল এক্স-রে মেশিন, পিপিপি ও সম্পর্কিত অন্যান্য ত্রাণসামগ্রী সরবরাহের প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

ত্রাণগুলো দ্রুত সরবরাহের জন্য পাকিস্তান ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপায় বের করার তাগিদ দেয়া হয়েছে বিবৃতিতে। আরো বলা হয়, এর মাধ্যমে করোনা মহামারির কারণে যেসব চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে তা নিরসনে পারস্পরিক সহায়তার সম্ভাব্য উপায়গুলো আরো বিকশিত হতে পারে।

ভারতের জনগণের সঙ্গে সংহতির ডাক দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটারে তিনি লিখেছেন, কোভিড-১৯-এর ভয়াবহ ঢেউয়ে লড়াইয়ে থাকা ভারতের জনগণের প্রতি সংহতি জানাতে চাই। আমাদের প্রতিবেশী ও বিশ্বের যারা এই মহামারিতে ভুগছেন তাদের দ্রুত আরোগ্য কামনায় আমাদের দোয়া। আমাদের অবশ্যই মানবতাকে সামনে রেখে বৈশ্বিক এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।