করোনা বেশি সংক্রমিত এলাকায় আংশিক লকডাউন দিতে পরামর্শ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা সংক্রমণের হার ব্যাপক আকারে বেড়েছে। হাসপাতালগুলোতে আইসিইউর সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় চলতি সপ্তাহের মধ্যেই রাজধানীর হাসপাতালগুলোতে নতুন ৪০টি আইসিইউ যোগ হবে।
মন্ত্রী বলেন, গত বছর মার্চ মাসে সংক্রমণের হার ২ শতাংশে ছিল কিন্তু বর্তমানে সংক্রমণের হার ১৮ শতাংশে চলে এসেছে। করোনা প্রায় ৮/৯ গুণ বেড়ে গেছে। এই আক্রান্ত রোগীরা যদি একসঙ্গে হাসপাতালে চিকিৎসা নিতে আসে, তাহলে সেবা দেয়া দুরূহ হয়ে পড়বে।
তিনি বলেন, করোনা বেশি সংক্রমিত এলাকায় আংশিক লকডাউন দিতে পরামর্শ দিয়েছি। দুই-এক দিনের মধ্যেই এ নিয়ে সিদ্ধান্ত সরকারিভাবে এসে যাবে। তিনি আরো বলেন, বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখার প্রস্তাব দেয়া হয়েছে। ওয়াজ মাহফিল, বিয়ে ও রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া সীমিত করার প্রস্তাব দিয়েছি। হোম অফিসের পরামর্শ দেয়া হয়েছে। মাস্ক পরাতে কড়াকড়ি করতে বলা হয়েছে।