করাচিতে বন্দুকের গুলি ছুড়ে বিজয়োৎসব করতে গিয়ে ১২ জন আহত
বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ভারতের বিপক্ষে সেই জয়টাও এসেছে ১০ উইকেটের বিরাট ব্যবধানে। ফলে পাকিস্তানিদের আনন্দ সীমা ছাড়ানোই স্বাভাবিক। কিন্তু বিপত্তি বেঁধেছে তাদের উদযাপন সীমা ছাড়ানোয়। কারণ করাচিতে বন্দুকের গুলি ছুড়ে বিজয়োৎসব করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১২ জন।
২৪ অক্টোবর রাতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ের পরপরই রাস্তায় নেমে আসে উল্লাসিত পাকিস্তানিরা। নেচে-গেয়ে, বাজি পুড়িয়ে বিজয় উদযাপন করেছেন তারা। কিন্তু করাচিতে ফাঁকা গুলি ছুড়ে আনন্দ করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১২ জন। এদের মধ্যে পুলিশের এক উপ-পরিদর্শকও রয়েছেন।
গুলি ছুড়ে পাকিস্তান দলের বিজয় উদযাপনের খবর পাওয়া গেছে করাচির সচল গোথ, ওরাঙ্গি, নিউ করাচি, গুলশান-ই-ইকবাল ও মালির এলাকায়ও। এর মধ্যে ওরাঙ্গিতে অজ্ঞাত দিক থেকে আসা গুলিতে আহত হয়েছেন অন্তত দু’জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলশান-ই-ইকবাল এলাকায় ফাঁকা গুলি ছোড়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানের সময় উপ-পরিদর্শক আব্দুল গনির শরীরেও একটি বুলেট আঘাত করে।
প্রসঙ্গত,১৯৭৫ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর থেকে এ ধরনের আসরে ভারত ছিল পাকিস্তানের কাছে এক অজেয় প্রতিপক্ষের নাম। আগের ১২বারের দেখায় প্রতিবারই হারতে হয়েছে পাকিস্তানিদের।