শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

‘কোটার সমাধান আদালতে’, সাফ জানালেন প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 14 জুলাই 2024, 08:07 রাত • 384 বার পঠিত
‘কোটার সমাধান আদালতে’, সাফ জানালেন প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতেই ফয়সালা করতে হবে বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনে ধ্বংসাত্মক কর্মকাণ্ড হলে ‘আইন নিজস্ব গতিতে চলবে’ বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

সাম্প্রতিক চীন সফর নিয়ে রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নে তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুতিরা পাবে।”

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, রাজপথে আন্দোলন করছে, করতেই থাকবে। তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে, কেউ কিছু বলছে না। এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা আক্রমণ, এসব যদি কিছু করতে যায়, তখন আইন তার আপন গতিতে চলবে। ‌ এখানে আমাদের কোনো কিছু করার নেই।

সরকার প্রধান বলেন, রায়ের বিরুদ্ধে এখন এ মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। সংবিধানও বলে না, পার্লামেন্ট বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না হয়, ততক্ষণ আমাদের এখানে কিছু করার থাকে না। এটিই হলো বাস্তবতা, এ বাস্তবতা তাদের মানতে হবে।  না মানলে কিছু করার নেই।