কোরবানিতে প্রতি বর্গফুট গরুর চামড়া ৪৭–৫২ টাকা
এবারের কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এই বছর গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে গতবারের চেয়ে ৭ টাকা বেড়েছে। আর খাসির চামড়ার দাম প্রতি বর্গফুটে ৩ টাকা বেড়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যাবস্থাপনা সংক্রান্ত সভায় কোরবানির চামড়ার এই মূল্য নির্ধারণ করা হয়। বৈঠক শেষ হলে সংবাদ সম্মেলনে চামড়ার দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম থাকবে প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা। গত বছর এই দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। এই দামে ট্যানারি ব্যবসায়ীদের তা কিনতে হবে। ঢাকার বাইরে এই বছরের দাম ৪০ থেকে ৪৪ টাকা। গতবছর এই দাম ছিল ৩৩ থেকে ৩৭ টাকা।
এবার লবণযুক্ত খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা পড়বে। বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকায় ও ঢাকার বাইরে বকরি ও খাসির চামড়ার দাম একই থাকবে।
গতবছর প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ছিল ১৫ থেকে ১৭ টাকা। প্রতি বর্গফুট বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকাই ছিল।