শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কোরবানির ঈদযাত্রায় সড়কে ৭ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 19 জুলাই 2022, 04:13 দুপুর • 271 বার পঠিত
কোরবানির ঈদযাত্রায় সড়কে ৭ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

গত দুই বছর করোনা মহামারীর কারণে ঈদ উৎসব এবং ঈদযাত্রা ছিল সীমিত। এবার কোনো বিধিনিষেধ ছিল না। আর এবারই ঈদুল আজহার ছুটিতে ৩১৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তাতে ৩৯৮ জন প্রাণ হারিয়েছেন। গত সাত বছরের মধ্যে এবারের কোরবানির ঈদের মৌসুমে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সমিতিটি। তাদের পক্ষ থেকে এবারের ঈদের ছুটির সময়কার দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরা হয়।

সংবাদপত্রে উঠে আসা তথ্য সঙ্কলন করে যাত্রী কল্যাণ সমিতি প্রতিবেদন তৈরি করেছে। তাতে বলা হয়েছে, ৩ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে সড়ক দুর্ঘটনায় মোট ৭৭৪ জন আহত হয়েছেন।

এই সময়ে রেলপথে ২৫টি দুর্ঘটনায় মারা গেছেন ২৫ জন। আহত হয়েছেন দুইজন। এই সময়কালে নৌ-পথে ১০টি দুর্ঘটনায় ১৭ জন মারা গেছেন। ১৫ জন আহত ও তিনজন নিখোঁজ হওয়ার খবর এসেছে।

তার মানে এবার সড়ক, রেল ও নৌপথে মোট ৩৫৪টি দুর্ঘটনায ঘটেছে। তাতে ৪৪০ জন নিহত ও ৭৯১ জন আহত হয়েছেন।

সমিতির হিসাবে, এবারের ঈদে ঢাকা ছেড়েছিল ১ কোটি ২০ লাখ  মানুষ। আরও ৪ কোটি মানুষ এক
জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করেছে।

এবারও দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল। উল্লেখিত সময়ে ১১৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩১ জন মারা গেছেন। আহত হয়েছেন ৬৮ জন। এটা মোট সড়ক দুর্ঘটনার ৩৫ দশমিক ৪২ শতাংশ, আর নিহতের ৩২ দশমিক ৯১ শতাংশ।

দুর্ঘটনা বিশ্লেষণ করে যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, সড়কে দুর্ঘটনায় পড়া মোট যানবাহনের ২৯ দশমিক ৩ শতাংশ মোটরসাইকেল, ২৩ দশমিক ১৮ শতাংশ ট্রাক-পিকআপ-কভার্ডভ্যান-লরি, ৫ দশমিক ৬২ শতাংশ প্রাইভেটকার-মাইক্রোবাস, ৩ দশমিক ৯৮ শতাংশ নছিমন-করিমন-ট্রাক্টর-লেগুনা-মাহিন্দ্রা, ১১ দশমিক ৪৭ শতাংশ অটোরিকশা, ৯ দশমিক ৩৬ শতাংশ ব্যাটারি রিকশা-ইজিবাইক-ভ্যান-সাইকেল এবং ১৭ দশমিক ৩৩ শতাংশ বাস।

সড়ক দুর্ঘটনার ৩২ দশমিক ৯১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৪৬ দশমিক ৭০ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ১৫ দশমিক ৩৬ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এ ছাড়া মোট সড়ক দুর্ঘটনার ৪ দশমিক ৭০ শতাংশ ঢাকা মহানগরীতে হয়েছে।

এর মধ্যে ২৩ দশমিক ১৯ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ৫০ দশমিক ৭৮ শতাংশ ঘটনায় পথচারীকে গাড়ি চাপা, ১৮ দশমিক ৪৯ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৬ দশমিক ৮৯ শতাংশ অন্যান্য ‘না জানা কারণে’।