কোরবানির ঈদ কবে জানা যাবে আগামীকাল
মোহাম্মদ খাইরুল আমিন
•
29 জুন 2022, 12:29 দুপুর
•
1,620 বার পঠিত
আগামীকাল বৃহস্পতিবার জানা যাবে বাংলাদেশে এবার কোরবানির ঈদ কবে। এদিন সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ ঠিক করতে জাতীয় চাঁদ দেখা কমিটি ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় বসবে।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন বুধবার জানান, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যাযর এই সভায় চাঁদ দেখার খবর পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ ঠিক করবে কমিটি।
বৃহস্পতিবার দেশে চাঁদ দেখা গেলে শুক্রবার থেকে বাংলাদেশে জিলহজ মাস হিসাব করা শুরু হবে। তেমনটা হলে সেক্ষেত্রে বাংলাদেশে কোরবানির ঈদ ১০ জুলাই উদযাপিত হবে।
বৃহস্পতিবার যদি নতুন চাঁদ দেখা না যায় তাহলে শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে ঈদ হবে ১১ জুলাই।
ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়।