কঙ্গোতে আগ্নেয়গিরির বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু
আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে নাইরাগঙ্গো পর্বতে আগ্নেয়গিরির ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অনেকেই নিখোঁজ রয়েছেন।
রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে গোমা থেকে ছয় মাইল দূরে অবস্থিত নাইরাগঙ্গো পর্বতে আগ্নেয়গিরির ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
রোববার কঙ্গো সরকারের মুখপাত্র জানান, আগ্নেয়গিরির বিস্ফোরণে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এদের মধ্যে ৯ জন শহর থেকে পালানোর সময় পদদলিত হয়ে মারা যান। কারাগার থেকে পালানোর সময় চারজনের মৃত্যু হয়েছে এবং লাভার আগুনে পুরে মারা যান বাকি দুইজন।
জানা গেছে, ২০ লাখ বাসিন্দার শহরটির রাতের আকাশ নাইরাগঙ্গোর আগুনে লাল রং ধারণ করে। জ্বলন্ত লাভার বিস্ফোরণে দূর-দূরান্তে গিয়ে পড়ছে আগুনের ফুলকি। উত্তপ্ত লাভার ঢলের আতঙ্কে প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন স্থানীয়রা। বহু মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে বহুতল ভবনও রয়েছে।
জাতিসংঘের শিশু উন্নয়ন বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ১৭০ এর বেশি শিশুর নিখোঁজের শঙ্কা রয়েছে এবং আরো অন্তত ১৫০ জন তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই শিশুদের সহায়তার জন্য কেন্দ্র স্থাপন করা হবে।