কঙ্গোতে আবারো পূর্ণোদ্যমে সক্রিয় হয়ে উঠেছে নিরাগঙ্গো আগ্নেয়গিরি
পূর্ব আফ্রিকার দেশ ডেমেক্রেটিক রিপাবলিক (ডিআর) কঙ্গোতে প্রায় দুই দশকের ব্যবধানে আবারো পূর্ণোদ্যমে সক্রিয় হয়ে উঠেছে নিরাগঙ্গো আগ্নেয়গিরি। ভয়াবহ মাত্রায় উদগিরণ শুরু হওয়ায় পূর্বাঞ্চলীয় শহর গোমা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে প্রশাসন।
সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, পূর্বাঞ্চলীয় শহর গোমা থেকে ছয় মাইল দূরে অবস্থিত নাইরাগঙ্গো পর্বতে আগ্নেয়গিরির ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ২০ লাখ বাসিন্দার শহরটির রাতের আকাশ নিরাগঙ্গোর আগুনে কমলা রং ধারণ করেছে। জ্বলন্ত লাভার বিস্ফোরণে দূর-দূরান্তে গিয়ে পড়ছে আগুনের ফুলকি। উত্তপ্ত লাভার ঢলের আতঙ্কে প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। দলে দলে হেঁটেই ছাড়ছেন শহর। উদগিরণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর সরকারি ঘোষণা এলেও এর আগেই পূর্বাঞ্চলে রুয়ান্ডা সীমান্তের উদ্দেশে ছুটতে শুরু করেন হাজারো মানুষ।
পরিস্থিতির অবনতির আশঙ্কায় শহরের বড় অংশজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। লাভার কারণে বন্ধ হয়ে গেছে গোমার সঙ্গে বেনি শহরের সড়ক যোগাযোগ। বিষাক্ত সালফারের গন্ধ মিশে যাচ্ছে দূরের বাতাসেও।
চলমান পরিস্থিতিতে রাজধানী কিনশাসায় জরুরি বৈঠক করেছেন কঙ্গোর প্রধানমন্ত্রী জ্যঁ-মিখাইল সামা লুকোঁদ।
বাসিন্দাদের শান্ত থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। যদিও অনেকেই অভিযোগ করেছেন, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তথ্য সরবরাহ না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এতে মানুষের মধ্যে অস্থিরতা বাড়ছে।