শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কমোডে সন্তান প্রসব, পাইপ ভেঙে উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন • 08 মে 2022, 03:29 দুপুর • 273 বার পঠিত
কমোডে সন্তান প্রসব, পাইপ ভেঙে উদ্ধার

টয়লেটের কমোডে এক নারী সন্তান প্রসব করলেন। নবজাতক টয়লেটের পাইপের ভেতরে গিয়ে আটকে যায়। সদ্যোজাত শিশুটি পিতা দ্রুত পাইপ ভেঙে তাকে উদ্ধার করে। তাতে স্বস্তি আসে পরিবারে। ঘটনাটি গতকাল শনিবার ঘটেছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। 

হাসপাতালটির পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, শনিবার বিকেলে হাসপাতালের তৃতীয় তলায় প্রসূতি ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। শিশুটিকে উদ্ধার করার পর নবজাতক বিশেষ সেবা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মা শিল্পী বেগম সুস্থ্য আছেন। তিনি প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। সদ্যোজাত শিশুটি মেয়ে।  

আজ রোববার সাইফুল ইসলাম জানান, ওই নারী প্রসাব করতে গেলে টয়লেটে কমোডে তার সন্তান প্রসব হয়ে যায়। এর পর শিশুটি টয়লেটের পাইপের ভিতরে গিয়ে আটকে যায়। 

শিল্পী বেগম পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার গণপাড়া শেখপাড়া এলাকার জেলে নেয়ামত উল্লাহর স্ত্রী। শনিবার তিনি অসুস্থ বোধ করেন। তাকে প্রথমে স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

শিল্পী বেগমের স্বামী নেয়ামত উল্লাহ জানান, তার স্ত্রীর রাতে সিজার হওয়ার কথা ছিল। বিকেলে তিনি ওষুধ কিনতে বাইরে যান। ফিরে এসে শোনেন তার স্ত্রী টয়লেটে সন্তান প্রসব করেছে। 

এরপর ফ্লোরে কান পেতে তিনি শিশুর কান্না শুনতে পান। কমোডে হাত দিয়ে নাগাল পাননি। তাই দোতলায় গিয়ে পাইপ ভেঙে মেয়েকে উদ্ধার করেন। এইটুকু বাচ্চা পাইপের মধ্যে কিভাবে বেঁচে ছিল ভেবে তিনি আল্লাহর শুকরিয়া করেন।