শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কমান্ডার সোলাইমানিকে নিয়ে সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 28 এপ্রিল 2021, 12:29 দুপুর • 39 বার পঠিত
কমান্ডার সোলাইমানিকে নিয়ে সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের কূটনীতিতে মার্কিন ড্রোন হামলায় নিহত বিপ্লবী গার্ডস কোর্পসের (আইআরজিসি) কমান্ডার কাসেম সোলাইমানির প্রভাব নিয়ে সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিওর বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এমন খবর দিয়েছে। সেখানে ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, পররাষ্ট্রনীতিতে কখনো কখনো তার নিজের প্রভাব শূন্য বলে তিনি অনুভব করেন।

এদিকে গত মার্চে এক সাক্ষাৎকারে জাভেদ জারিফের করা এই মন্তব্য সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্দিষ্ট উদ্ধৃতির মাধ্যমে তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে।

ফার্সি ভাষার নেটওয়ার্ক ইরান ইন্টারন্যাশনাল এই অডিও ফাঁস করছে। তবে সৌদি মালিকানার ওই নেটওয়ার্ককে তেহরান শত্রু বিবেচনা করে আসছে।

২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন সোলাইমানি। ইরানের পররাষ্ট্রনীতিতে বিপ্লবী গার্ডসের প্রভাবের সমালোচনা খুবই বিরল ঘটনা।

কেউ কেউ বলছেন, জাভেদ জারিফের সুনামহানি করতেই এই অডিও রেকর্ড ফাঁস করা হয়েছে। আবার কারো দাবি, ইরানি পররাষ্ট্রনীতিতে নিজের ব্যর্থতা থেকে রেহাই পেতে চেষ্টা করছেন তিনি।

সাত ঘণ্টার ওই সাক্ষাৎকার সত্যি বলে স্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু আগামী জুনে ইরানি প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রেসিডেন্ট হাসান রুহানির নেতৃত্বাধীন সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে তা প্রকাশ করার কথা ছিল না।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিছু উদ্ধৃতি বিকৃত করা হয়েছে। সোলাইমানিকে নিয়ে জারিফের দৃষ্টিভঙ্গি নেতিবাচক বলে তুলে ধরতে চেষ্টা করা হয়েছে। জাভেদ জারিফের সাক্ষাৎকারটি নিয়েছেন সংস্কারবাদী অর্থনীতিবিদ ও সাংবাদিক সাঈদ লেইলাজ।