কক্সবাজারে প্রায় ৬৫ কোটি টাকার ইয়াবা আটক
বাংলাদেশের কক্সবাজারের সমুদ্র থেকে প্রায় ৬৫ কোটি টাকার ইয়াবার চালান আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। এসব ইয়াবার পরিমাণ ১৩ লাখ পিস বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তারা। সাম্প্রতিককালে এটি অন্যতম সবচেয়ে বড় একটি চালান আটকের ঘটনা বলে তারা জানান।
র্যাব-১৫ এর কক্সবাজারের কোম্পানি কমান্ডার বলছেন, ”মাদক পাচারকারীরা ভেবেছিল, সাগরে সিগন্যাল থাকায় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকবে না। তাই তারা বড় একটি চালান নিয়ে রওনা হয়েছিল। তবে সিগন্যাল থাকার পরেও শনিবার রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে সাগরে অভিযান শুরু করি।”
সাগরের ভেতরেও বিভিন্ন পয়েন্ট নানা নামে পরিচিত থাকে। সেরকম একটি এলাকায় সারারাত, দিনে অভিযান চালিয়ে রবিবার বিকাল নাগাদ মাদকবাহী নৌকাটি আটক করা হয় বলে তিনি জানান। সেই নৌকা থেকে ১৩ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মিয়ানমারে উৎপাদনের পর সীমান্ত পার হয়ে বাংলাদেশে ইয়াবা আসে বলে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় জানিয়েছে। দুই বছর ধরে মাদক পাচারে কক্সবাজার এলাকায় বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে। যদিও এসব অভিযানের পরেও বাংলাদেশের ঢাকা ও বিভিন্ন এলাকায় এখনো ইয়াবার মতো মাদকের বিক্রি বন্ধ করা সম্ভব হয়নি।