কক্সবাজারে জামায়াতের আমির সহ ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
কক্সবাজারে জামায়াতের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।
জানা যায় এ মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- জেলা জামায়াতের আমির নূর আহমদ আনোয়ারী, সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহ-সেক্রেটারি জাহেদুল ইসলাম নোমান, সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক, সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ, রামু উপজেলা আমির ফজলুল্লাহ মো. হাসান, সেক্রেটারি আনম হারুন, ঈদগাহ উপজেলা আমির মাওলানা সলিমুল্লাহ জিহাদী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. মোহসিন, সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ার আবুল কাশেম, মুহুরিপাড়া এলাকার তাহের সিকদার, চান্দেরপাড়া কলেজগেট এলাকার আল আমিনসহ ১৭ জন।
এদিকে ওসি রফিকুল ইসলাম বলেন, ২৪ ডিসেম্বর সকালে কক্সবাজার শহরের কালুর দোকান গ্যাস পাম্পের সামনে যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটান জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। ঐ সময় ঘটনাস্থলে পুলিশ গেলে পালিয়ে যান তারা। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি লোহার রড, ১৫টি কাঠের লাঠি ও বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করেন এসআই সাঈদ নূর। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।