কিউবায় নতুন প্রধান হিসেবে মিগুয়েল দিয়াজ ক্যানেলের নাম ঘোষণা
রাউল কাস্ত্রো কিউবার কমিউনিস্ট পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। দলের নতুন প্রধান হিসেবে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলের নাম ঘোষণা করা হয়েছে। ফিদেল কাস্ত্রো ও রাউল কাস্ত্রোর বাইরে ১৯৫৯ সালে সালের পর প্রথম অন্য কেউ কিউবায় ক্ষমতাসীন হলেন। জাতীয় সরকারের নেতৃত্বে আসার আগে মিগুয়েল দুটি প্রদেশে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
গত শুক্রবার দলীয় কংগ্রেসে কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে রাউল অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। রাউল বলেন, তার আশা নবীন নেতৃত্ব সাম্রাজ্যবাদবিরোধী চেতনায় দলকে এগিয়ে নেবে এবং দলীয় আদর্শের প্রতি অনুগত থাকবে।
মিগুয়েল দিয়াজ ক্যানেলের জন্ম কিউবা বিপ্লবের পরে। তিনি কাস্ত্রোদের একনিষ্ঠ সমর্থক। বিংশ শতাব্দীর শুরুর দিকে রাজনৈতিক জীবন শুরু করেন দিয়াজ ক্যানেল। তিনি সান্তা ক্লারাতে ইয়ং কমিউনিস্ট লিগের সদস্য ছিলেন। ২০০৯ সালে দিয়াজ ক্যানেল শিক্ষামন্ত্রী হন। ২০১৩ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হন। পাঁচ বছর পরে ২০১৮ সালে কিউবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৯৯ দশমিক ৮৩ শতাংশ ভোটে তিনি কিউবার প্রেসিডেন্ট নির্বাচিত হন।