খুলনায় গুলিতে ব্যবসায়ীর মৃত্যু, গুলিবিদ্ধ স্ত্রী হাসপাতালে
খুলনার ফুলতলা উপজেলায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ তার সদ্য বিবাহিত স্ত্রীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটেছে।
নিহত ব্যবসায়ীর নাম রকিবুল ইসলাম (৩২)। তিনি ফুলতলা উপজেলার আলকা গ্রামের মাহবুব মিস্ত্রির ছেলে। রকিবুল কাঠের ব্যবসা করতেন। তার স্ত্রীর নাম পিয়ারী বেগম (২৭)।
ফুলতলা থানা ওসি ইলিয়াস তালুকদার জানান, যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতী এলাকা থেকে স্ত্রী পিয়ারী বেগমকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন রকিবুল। তারা ফুলতলায় ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের পথ আটকায়। এর পর রকিবুলের মাথায় ও বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ সময় রকিবুলের মোটরসাইকেলের পেছনে বসে থাকা পিয়ারী বেগমও গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা রকিবুলকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রকিবুলের আহত স্ত্রী পিয়ারী বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিয়ারী জানান, হামলাকারীরা রকিবুলকে কয়েকবার গুলি করে। তিনি ঠেকানোর চেষ্টা করেন। তখন তার হাতে ও পিঠে গুলি লাগে।