শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খসে পড়লো হাসপাতালের ছাদের ঢালাই , চিকিৎসক ও নার্স আহত

অনলাইন নিউজ পোর্টাল • 11 মার্চ 2021, 10:55 দুপুর • 206 বার পঠিত
খসে পড়লো হাসপাতালের ছাদের ঢালাই , চিকিৎসক ও নার্স আহত

কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ছাদের ঢালাই ও পলেস্তারা খসে পড়ে চিকিৎসক ও নার্স আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সিসিইউ নার্সদের রুমে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ইন্টার্ন চিকিৎসক ইফফাত জাহান ও জ্যেষ্ঠ নার্স মৌসুমী আক্তার। ইফফাত জাহান প্রাথমিক চিকিৎসা নিয়ে হোস্টেলে চলে গেছেন। পলেস্তারা পড়ে নার্স মৌসুমির মাথা, হাত ও পেটে আঘাত পেয়েছে। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

সিসিইউ নার্সদের ইনচার্জ রহিমা খাতুন জানান, সন্ধ্যায় হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। নামাজ শেষ করে কক্ষে গিয়ে দেখতে পাই ছাদের পলেস্তারা ও সিলিং খসে নিচে পড়ে আছে। পলেস্তারা খসে পড়ে চেয়ারে বসে থাকা চিকিৎসক ও নার্স আহত হন। দ্রুত হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক ও কর্মকর্তাদের খবর দেয়া হয়। ইন্টার্ন চিকিৎসক ইফফাত জাহান ও জ্যেষ্ঠ নার্স মৌসুমী আক্তার দায়িত্বরত ছিলেন। 

আহত নার্স মৌসুমী বলেন, আমার মাথায়, হাতে ও পেটের ওপর পলেস্তারার টুকরা খসে পড়েছে। মাথার একটা জায়গায় ফুলে গেছে। আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম।

সেখানে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা বলেন, এই ঘটনার পর থেকে খুবই ভয় লাগছে। ওপরের দিকে চোখ রেখে কাজ করতে হচ্ছে। কেননা এখনো কিছু ঢালাই  ভেঙে পড়ার মতো অবস্থায় আছে। যেকোনো সময় খসে পড়তে পারে। 

কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক নাসীমুল বারী বলেন, নার্সকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। দ্রুত সংস্কার করা প্রয়োজন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে। দু-এক দিনের মধ্যে ওই কার্যালয় সংস্কার করা হবে।