খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির সদস্যদের মধ্যে উদ্বেগ
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে শ্বাসকষ্টের কারণে গত ২৭ এপ্রিল সিসিইউতে নেয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ পরিস্থিতিতে খালেদা জিয়ার মারা যাওয়ার ভয় গ্রাস করছে বিএনপিকে। আর এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে হলেও বিএনপির সব ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে খালেদা জিয়াকে মুক্ত করতে চান দলের নীতিনির্ধারকরা।
এ লক্ষ্যে গত ৫ মে স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি মির্জা ফখরুল উত্থাপন করেছেন বলে জানা গেছে। ওই বৈঠকে স্থায়ী কমিটির অনেক সদস্য সমর্থন দিলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান তাতে সম্মতি দেননি।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, স্থায়ী কমিটির বৈঠকে প্রস্তাবটি পাশ করতে মির্জা ফখরুল ও গয়েশ্বর চন্দ্র রায় দলের বিভিন্ন নেতার কাছে তাদের এ মনোভাব ব্যক্ত করেন। তার এ মনোভাবে সম্মতি জ্ঞাপন করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকে স্কাইপে তারেক রহমান বলেন, কারো কাছে ক্ষমা চেয়ে খালেদা জিয়াকে বের করার কোনো প্রশ্নই আসে না। তারেক রহমানের এমন কথায় পুরো বৈঠকে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে কেউ আর কোনো কথা বলেননি।
বিষয়টিকে হতাশাজনক বলে ব্যক্ত করে বৈঠকে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, এ মুহূর্তে দল টেকাতে হলে খালেদা জিয়াকে প্রয়োজন। কিন্তু তারেক রহমান তার মুক্তি বিষয়ে নিষেধাজ্ঞা দেয়ায় আমরা আশাহত।
তারেকের মতামত উপেক্ষা করেই খালেদা জিয়ার পরিবারের সদস্যরা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করেছেন। সে আবেদন এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন শুধু অনুমতির অপেক্ষায়।