খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক, ব্লক অপসারণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃৎপিণ্ডের ব্লক অপসারণ করা হয়েছে। সফল অস্ত্রোপচারে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছে। এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাতে গুলশানের বাসায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ শনিবার তার হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়লে এনজিওগ্রাম করা হয়।
আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বলেছে যে তার একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘‘এনজিওগ্রাম করতে গিয়ে দেখা গেছে যে, তার মেইন আর্টারিটায় ৯৯ পার্সেন্ট ব্লক এবং সেটা চিকিৎসকরা সফলভাবে স্টেন্ট করেছেন, বেলুনিং করে ব্লক দূর করে সেখানে তারা স্টেন্ট বসিয়েছেন। ডাক্তাররা অত্যন্ত
আশাবাদী যে, তার এই টিট্রমেন্টের ফলে তিনি আপাতত হার্টের যে সমস্যা সেটা থেকে সাময়িকভাবে রিলিভড হবেন।’’
মির্জা ফখরুল খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর দাবি তুলেছেন। তিনি বলেছেন, দল ও পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর কথা বারবার বলা হয়েছে। দলের পক্ষ থেকে এ নিয়ে
আন্দোলনও হয়েছে।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার এবারের অসুস্থতা প্রমাণ করলো যে তাকে বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে না পারলে তার জীবন হুমকির মুখে পড়বে।