শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত ৫ প্রতিষ্ঠানের নথি হাইকোর্টে দাখিল

অনলাইন নিউজ পোর্টাল • 14 ডিসেম্বর 2021, 06:49 বিকাল • 280 বার পঠিত
খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত ৫ প্রতিষ্ঠানের নথি হাইকোর্টে দাখিল

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়ে পাঁচটি প্রতিষ্ঠানের নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল বুধবার দিন নির্ধারণ করেছেন আদালত।

নথিগুলোর মধ্যে রয়েছে— খালেদা জিয়ার এসএসসি পরীক্ষার সনদ, জাতীয় পরিচয়পত্র, বৈবাহিক সনদ, পাসপোর্ট ও এভার কেয়ার হাসপাতালে ভর্তি সংক্রান্ত জন্ম সনদ।

মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এসব নথি দাখিল করা হয়। পরে আদালত এ বিষয়ে বুধবার শুনানির দিন নির্ধারণ করেন।

এর আগে জাতীয় শোক দিবস ১৫ আগস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়ে যাবতীয় নথি দাখিল করতে নির্দেশ দেন হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের এসব নথি দাখিল করতে বলেন আদালত। এছাড়া ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। গত ১৩ জুন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশরদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।