শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ১৩ সেপ্টেম্বর

মোহাম্মদ খাইরুল আমিন • 20 আগস্ট 2023, 06:30 বিকাল • 361 বার পঠিত
খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ১৩ সেপ্টেম্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১১ মামলায় হাজিরার জন্য ১৩ সেপ্টেম্বর  দিন ধার্য করেছেন আদালত। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে এসব মামলা করা বিচারাধীন রয়েছে।

আজ রোববার এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এরই পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক নতুন এ দিন ধার্য করেন। 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে এবং অপর ১০ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য এদিন ধার্য ছিল। 
২০১৬ সালের ২৫ জানুয়ারি মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। 

এদিকে, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ওই ঘটনায় পরের দিন ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়। এছাড়া ২০১৫ সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে করা হয় আটটি মামলা। এই আট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়।

খালেদা জিয়া ছাড়া এসব মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।