শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খালেদা জিয়াকে ঈদ উপহার দিতে ঢাকার পথে কৃষক সোহাগের ‘কালো মানিক’

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 05 জুন 2025, 12:57 দুপুর • 184 বার পঠিত
খালেদা জিয়াকে ঈদ উপহার দিতে ঢাকার পথে কৃষক সোহাগের ‘কালো মানিক’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে নিজ হাতে লালন-পালন করা ‘কালো মানিক’ নামের একটি বিশাল ষাঁড় নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন পটুয়াখালীর কৃষক সোহাগ মৃধা।

আজ বৃহস্পতিবার সকালে মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে ঢাকঢোল পিটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তিনি। প্রায় ৩৫ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টিকে সাজানো হয়েছে ফুলের মালা ও রঙিন কাগজে। তিনটি ট্রাকের একটি করে ‘কালো মানিক’ বহন করছে, আরেকটিতে রয়েছে বাদকদল এবং তৃতীয়টিতে সোহাগের সঙ্গে তাঁর ছোট ছেলে জিসান ও ২৫–৩০ জন যুবক।

সোহাগ জানান, ষাঁড়টিকে ভাইরাল করার জন্য নয়, বরং আবেগ থেকেই প্রিয় নেত্রী খালেদা জিয়াকে উপহার দিতে চান তিনি। তাঁর ভাষায়, “আমার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আমিও বিএনপিকে ভালোবাসি। লাভ-লোকসানের হিসাব নয়, শুধু নেত্রীকে আমার প্রাণপ্রিয় কালো মানিকটি উপহার দিতে চাই।”

২০১৮ সালের শেষ দিকে চৈতা বাজার থেকে ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কিনেছিলেন সোহাগ। গাভিটি এক সপ্তাহের মধ্যেই একটি বাছুর জন্ম দেয়, যেটিই আজকের ‘কালো মানিক’। গত ছয় বছর ধরে ভুসি, খৈল, ঘাস আর খড় খাইয়ে সন্তানের মতো করে লালন-পালন করেছেন তিনি ও তাঁর পরিবার। বর্তমানে ষাঁড়টির উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, দৈর্ঘ্য ১০ ফুট এবং ওজন প্রায় ১,৪০০ কেজি।

আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, সোহাগ একজন নিষ্ঠাবান বিএনপি কর্মী। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগকে এলাকাবাসীও সাধুবাদ জানিয়েছে।

সোহাগের মা হাজেরা বেগম বলেন, “আমার ছেলের দীর্ঘদিনের স্বপ্ন ছিল খালেদা জিয়াকে উপহার দেওয়া। আশা করি নেত্রী এই উপহারটি গ্রহণ করে তাঁর ইচ্ছা পূরণ করবেন।”