শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপির দলীয় কোন্দল ঠেকাতে সড়ক অবরোধ দুর্ভোগে পর্যটকরা

মোহাম্মদ খাইরুল আমিন • 07 জুন 2022, 09:53 সকাল • 346 বার পঠিত
খাগড়াছড়িতে বিএনপির দলীয় কোন্দল ঠেকাতে সড়ক অবরোধ দুর্ভোগে পর্যটকরা

সাবেক বিএনপির নেতার বাড়িতে হামলার ঘটনায় কোনো পূর্ব ঘোষণা না দিয়েই খাগড়াছড়ি জেলা বিএনপির এক পক্ষের ডাকা অবরোধে দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়েছে।

জানা গেছে,পর্যটকরা যে হোটেল বুক করেছে, সেখান থেকেও তাদের কিছু জানানো হয়নি।
ঢাকা থেকে আসা এক পর্যটক বলেন, আমরা আগে থেকে জানতাম না, এই জেলায় অবরোধ আছে। সকালে এসে গাড়ি থেকে নামার পর জানতে পারি, আজ সকাল ৬টা থেকে বিএনপির অবরোধ। এখন সাজেক যেতে পারছি না। আমাদের হোটেল বুক করা হয়েছে। যদি যেতে না পারি তাহলে অনেক ক্ষতি হবে।  

সাজেক কাউন্টারের লাইনম্যান মো. আরিফ বলেন, জেলা বিএনপির এক পক্ষের ডাকা অবরোধে যান চলাচল বন্ধ রয়েছে। তাই সাজেকের উদ্দেশে কোনো গাড়ি যাচ্ছে না। পর্যটকরা দুর্ভোগে পড়েছে।  

জানা গেছে, দলীয় কোন্দলের জেরে খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে হামলা, ভাঙচুর করা হয়। প্রতিবাদে মঙ্গলবার খাগড়াছড়িতে সড়ক অবরোধ করে ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনপুষ্ট জেলা বিএনপির কিছু নেতাকর্মী।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ জানান, অবরোধ চলাকালে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সেদিকে তৎপর রয়েছে পুলিশ সদস্যরা। কোনো ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।