`কাউয়া` স্লোগান দিয়ে ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর ও আগুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা এই প্রবীন পলাতক নেতার বাড়ি ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বসুরহাট পৌরসভায় এই হামলার ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জারও একটি দোতলা ঘর, টিনশেড ঘর ও রান্নাঘরে ভাঙচুর চালায়। বাড়ির বিভিন্ন আসবাবপত্র, ছাদের রেলিং ও সামনে থাকা পোড়া একটি গাড়িতে আগুন দেয় তারা। এ সময় তারা ‘কাউয়া কাউয়া’ সহ বিভিন্ন স্লোগান দেয়।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার ফেসবুক পেইজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।’
এ বিষয়ে নোয়াখালী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ও ওবায়দুল কাদের দুঃশাসনের ফলে আজকে তাদের এ পরিণতি।’