কাশ্মীরে যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে ১১ জনের মৃত্যু
কাশ্মীরে যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। উপত্যকার ডোডা জেলার থাতরি এলাকায় এই ঘটনা ঘটেছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপারিটেন্ডেন্ট জানিয়েছেন, মিনিবাসটি থাতরি থেকে ডোডার দিকে যাচ্ছিল। তখনই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, বাঁক ঘুরতে গিয়েই সমস্যায় পড়ে বাসটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তারপরই বাসটি গড়িয়ে পড়ে যায় খাদে।
সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিন জানিয়েছে, উদ্ধারকারী দল আসার আগেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে উদ্ধারকারী দল এসে বাসের ভিতর থেকে যাত্রীদের বের করে নিয়ে আসে। দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারগুলিকে ২ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের পরিবার পাবে ৫০ হাজার টাকা।